টাঙ্গাইলের ধনবাড়ীতে রামিয়া, মারিয়া, ফাতেমাসহ সারা দেশে সাম্প্রতিক শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। “নিজেরা করি"উন্নয়ন সংগঠন ও “জাগ্রত ধনবাড়ী” যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন নিজেরা করি উন্নয়ন সংগঠনের সমন্বয়ক শশী কুমার ত্রিপুরা, জাগ্রত ধনবাড়ীর সভাপতি ও সিপিবির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুপিটার, সাধারণ সম্পাদক শারাফাত আলী, অসীম কুমার গোস্বামী, শরিফা বেগম, আবুল কালাম ও দুর্জয় ঘোষসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি চলমান থাকায় শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা বাড়ছে। এসব অপরাধ প্রতিরোধে আইনের সঠিক প্রয়োগ এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান তারা।
তারা আরও বলেন, ঘর থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্থানে শিশুদের নিরাপত্তাহীনতা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে দ্রুত ও সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান বক্তারা।