টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ‘এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণ’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম এমপি’র বিশেষ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (১৫ জুন) সকালে মধুপুর উপজেলা পরিষদ হল রুমে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জুবায়ের হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলার আইসিটি অফিসার জনাব আবরারুল হক শিমুল।
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ আয়োজনে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে মধুপুর উপজেলা কার্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, মধুপুর, টাঙ্গাইল।
বর্তমান ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর ক্রমবর্ধমান ব্যবহার এবং সাইবার জগতের নানাবিধ ঝুঁকি সম্পর্কে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের সচেতন করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিতকরণ এবং সাইবার অপরাধ থেকে নিজেদের সুরক্ষিত রাখার বিভিন্ন কৌশল এই প্রশিক্ষণে শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো হয়।