আসন্ন মধুপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শেওড়াতলায় পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ পথসভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন নিজেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
পথসভায় প্রধান অতিথি খন্দকার মোতালিব হোসেন বলেন, নির্বাচিত হলে মধুপুর পৌরসভাকে মাদক, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পৌর এলাকার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন মধুপুরের উন্নয়নে যেসব কর্মসূচি হাতে নিয়েছেন, সেগুলোর বিভিন্ন দিক তুলে ধরে এসব উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে মধুপুর পৌরসভাকে আরও আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান তিনি।
এ সময় বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এবং দলের নেতাকর্মীদের জন্য দোয়া কামনা করেন খন্দকার মোতালিব হোসেন।
পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম সিদ্দিকের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন অধ্যাপক মতিয়ার রহমান,পৌর বিএনপির সহসভাপতি মাহবুব উদ্দিন খোকন, আব্দুস সালাম আকন্দ, পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম সাগর, বিএনপি নেতা আবু সাঈদ, আব্দুল জলিল, ওসমান গনি নান্টুসহ স্থানীয় নেতাকর্মীরা।
বিএনপি নেতা আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।