শিক্ষক সমিতি বা সংগঠনের অভ্যন্তরে সদস্যদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, সমিতির বাইরে শিক্ষকরা যে কোনো রাজনৈতিক আদর্শের অনুসারী হতে পারেন। তবে শিক্ষক হিসেবে শ্রেণিকক্ষে পাঠদানে যত্নশীল এবং দায়িত্ব পালনে নিষ্ঠাবান হতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) মধুপুর শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম স্বপন।
মন্ত্রী বলেন, দেশে নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। বিরোধী দল সরকারের অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘মিথ্যা ম্যাসেজ দেওয়া থেকে বিরত থাকেন। লংমার্চ না করে দেশ ও জনগণের কাজে আমাদের পাশে আসেন, সহযোগিতা করেন।’ একই সঙ্গে তিনি সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান। মাদকের বিরুদ্ধে সবাইকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে ফকির মাহবুব আনাম বলেন, মাদকের বিরুদ্ধে কোনো আপস করা যাবে না। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে সব ধরনের আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
দেশের চলমান সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনগণকে দুরবস্থা থেকে পরিত্রাণ দিতে সরকার কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশ, এমনকি যুক্তরাষ্ট্রের মতো দেশেও জ্বালানি সংকট চলছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ইনশাআল্লাহ এ সংকটও দূর হবে।
তিনি আরও বলেন, ‘আগের সরকার দেশকে যে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, সেখানে কোথাও ট্রান্সপারেন্সি নেই। তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে কোথাও ভালো কিছু পাওয়া যাচ্ছে না। সব জায়গাতেই দুর্নীতি।’
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামীম আল মামুন জুয়েল, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির সম্পাদক মীর মনিরুজ্জামান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ।