টাঙ্গাইলের ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের মামলার প্রধান পলাতক আসামি মো. সুরুজ আলী (৫৫)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটের দিকে মধুপুর উপজেলার অরণখোলা বটতলা-কাকরাইদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ধনবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর বিকেলে কিশোরীকে প্রলোভন দেখিয়ে সুরুজ তার চায়ের দোকানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর নানী বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর ধনবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই সুরুজ পলাতক ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে এসআরবি -১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআরবি সদস্যরা সুরুজকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তর করেন। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে তিনি বিকেলে বসা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।