টাঙ্গাইলের মধুপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ৬০টি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় রাখার কথা জানানো হয়।
রোববার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, মধুপুর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুবল সাহা, সাধারণ সম্পাদক অলক কুমার চৌধুরী এবং বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের মধুপুর শাখার আহ্বায়ক বিকাশ চন্দ্র ঘোষ ও সদস্যসচিব মানিক চন্দ । এ ছাড়া সরকারি কর্মকর্তা ও উপজেলার ৬০টি পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, মধুপুর পৌর এলাকায় ২৭টি এবং ইউনিয়ন পর্যায়ে ৩৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপের জন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হয়েছে।
পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভায় আলোচনা হয়। এ জন্য প্রতিটি মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।