টাঙ্গাইলের মধুপুরে পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার মোটেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মোটেরবাজার চুনিয়া সরকারবাড়ি এলাকার লেবু সরকারের ছেলে আতিক সরকার (৩৬), একই গ্রামের মৃত আজমত আলীর ছেলে আনছার আলী (৪০) এবং মোটেরবাজার কলেজপাড়া এলাকার লোকমান হোসেনের ছেলে জয়নাল আবেদীন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রথমে মোটেরবাজার পূর্বপাশের বাসিন্দা আনছার আলীকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আতিক সরকার ও জয়নাল আবেদীনকে আটক করে পুলিশ। এ সময় তাঁদের বসতবাড়ি ও বিভিন্ন স্থানে সংরক্ষিত অবস্থায় আরও গাঁজাসহ মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মধুপুর থানার ওসি-(তদন্ত) আনোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক তিনজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।