টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মেগা ফাইনাল ফুটবল ম্যাচ। সোমবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে শ্রীরামবাড়ী ফুটবল একাডেমি ২-১ গোলে মিনার ব্রাদার্স ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
জিয়া স্পোর্টিং ক্লাব, অরণখোলা, মধুপুরের আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় দুই দলের হয়ে মাঠে নামেন দেশি-বিদেশি খ্যাতিমান ও তারকা ফুটবলাররা। তাঁদের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পুরো মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস।
ম্যাচে অংশ নেওয়া তারকা খেলোয়াড়দের মধ্যে ছিলেন সোলায়মান, মোস্তফা মিশরী, কাটাপ্পা, জামালপুরের জুবায়ের, শিমুল, গোপালপুরের গোল মেশিন মারুফ, ফিরোজ, মধুপুরের ডেঞ্জার সুজন, সিভি পিরলো সাগর, সনচার নকরেক এবং ঘাটাইলের বাজপাখি খ্যাত গোলরক্ষক হিমেল। প্রতিপক্ষ দলের গোলরক্ষক হিসেবে ছিলেন নড়াইলের বোরহান। ম্যাচের দায়িত্বে অফিসিয়াল হিসেবে ছিলেন টাঙ্গাইলের জামিল হোসেন ও মধুপুরের হেলাল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। এ ছাড়া উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, বিএনপি নেতা জয়নাল আবেদীন খান বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্নাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
খেলা উপভোগ করতে মাঠে সমবেত হন বিপুলসংখ্যক দর্শক। তারকাসমৃদ্ধ দুই দলের লড়াই এবং শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে শ্রীরামবাড়ী ফুটবল একাডেমির জয় দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে।