টাঙ্গাইলের মধুপুরে বেড়ে ওঠা চিত্রশিল্পী শামীম আকন্দের প্রথম একক চিত্রকর্ম প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ২০ নভেম্বর শুক্রবার। ‘পথিকৃতের প্রতিকৃতি’ শিরোনামে রাজধানীর ধানমন্ডিতে সফিউদ্দীন শিল্পালয়ে আয়োজিত ছয় দিনব্যাপী এ প্রদর্শনীতে স্থান পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের আঁকা অর্ধশতাধিক প্রতিকৃতি।
শুক্রবার বিকেল ৫টায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির। বিশেষ অতিথি থাকবেন চিত্রশিল্পী ও লেখক জাহিদ মুস্তাফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরেণ্য চিত্রশিল্পী আবুল বারক আলভী। সঞ্চালনা করবেন চিত্রশিল্পী ও কবি শিশির মল্লিক।
২০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে শিল্পালয়। সরাসরি প্রদর্শনীর পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেও উদ্বোধনের আয়োজন থাকছে। ফলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে কম্পিউটার, ল্যাপটপ কিংবা মুঠোফোনের মাধ্যমে প্রদর্শনী উপভোগের সুযোগ পাবেন শিল্পানুরাগীরা।
প্রদর্শনীতে পেন্সিল, চারকোল, কালি-কলম, জলরং, প্যাস্টেল, সফট প্যাস্টেল, অ্যাক্রিলিক ও মিশ্রমাধ্যমে আঁকা প্রতিকৃতি স্থান পাচ্ছে। বিভিন্ন মাধ্যমে শিল্পীর এই কাজগুলোতে উঠে আসবে নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখা মানুষের অবয়ব, ব্যক্তিত্ব ও অভিব্যক্তি।
প্রদর্শনীর শিরোনাম প্রসঙ্গে শিল্পী শামীম আকন্দ জানান, প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির যুগেও মানুষের হাতের সৃজনশীলতা ও শিল্পের নিজস্ব আবেদন কখনো হারিয়ে যায় না। ক্যামেরা কিংবা আধুনিক প্রযুক্তি মানুষের অবয়ব সংরক্ষণ করতে পারলেও একজন মানুষের ব্যক্তিত্ব, অভিব্যক্তি ও অন্তর্নিহিত বৈশিষ্ট্যকে শিল্পীর দৃষ্টিতে তুলে ধরার মধ্যে রয়েছে ভিন্নতর সৃজনশীলতা। এ ভাবনা থেকেই তিনি নিজের প্রথম একক প্রদর্শনীর বিষয় হিসেবে প্রতিকৃতিকে বেছে নিয়েছেন। যাঁদের তিনি নিজ নিজ ক্ষেত্রে কৃতিমান ও পথিকৃৎ মনে করেন, তাঁদের প্রতিকৃতি আঁকার মধ্য দিয়ে শিল্পী তাঁর অনুসন্ধিৎসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।
১৯৭৯ সালের ১ জানুয়ারি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জন্মগ্রহণ করেন শামীম আকন্দ। বেড়ে উঠেছেন মধুপুরে। ১৯৯৪ সালে এসএসসি এবং ১৯৯৬ সালে এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ২০০৪ সালে বিএফএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডে সহকারী ব্যবস্থাপক (গ্রাফিকস ডিজাইন) হিসেবে কর্মরত।
চিত্রশিল্পের পাশাপাশি সাহিত্য, চলচ্চিত্র, দাবা এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর সক্রিয় সম্পৃক্ততা। তিনি চারুশিল্পীদের সংগঠন সোসাইটি অব ফাইন আর্টসের কার্যকরী পরিষদের সদস্য, সম্মিলিত পাঠাগার আন্দোলনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং টাঙ্গাইল সোসাইটি, ঢাকার সহসভাপতি। বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যকরী কমিটির সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শিল্পচর্চার পাশাপাশি কবিতা ও চলচ্চিত্র নির্মাণেও আগ্রহী শামীম আকন্দ। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ ‘আমি একা নই’। তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘তাড়া’ ও ‘পিংক ড্রপস’; পাশাপাশি নির্মাণ করেছেন ডকুড্রামা ‘সায়হানের নানুবাড়ী’। শিশুদের সৃজনশীলতা ও শিল্পশিক্ষা বিকাশেও তিনি কাজ করছেন।
মধুপুরে বেড়ে ওঠা এই শিল্পীর প্রথম একক প্রদর্শনীকে ঘিরে স্থানীয় শিল্পানুরাগী ও সংস্কৃতিমনাদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। শিল্পবোদ্ধাদের প্রত্যাশা, ‘পথিকৃতের প্রতিকৃতি’ প্রদর্শনীর মধ্য দিয়ে শামীম আকন্দের দীর্ঘদিনের শিল্পচর্চা নতুন পরিচিতি পাবে এবং প্রতিকৃতি শিল্পের প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়বে।