স্বতন্ত্র প্রার্থী আজাদের সংবাদ সম্মেলন
ভোটের মাঠ শক্তিশালী হওয়ায় প্রতিপক্ষ ভীত হয়ে মিথ্যাচার করছে
- আপডেট সময় : ০৯:১৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ বলেছেন, তাঁর বিরুদ্ধে সম্প্রতি যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে প্রভাবিত। জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় একটি পক্ষ ভীত হয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
সোমবার সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি কখনোই কোনো কালো টাকা ব্যবহার করিনি, কোনো অপরাধী চক্রের সঙ্গেও আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার রাজনৈতিক জীবন স্বচ্ছ ও পরিচ্ছন্ন। ভোটের মাঠের অবস্থা খুবই ভালো। জনগণের ভালোবাসা ও সমর্থন দেখে প্রতিপক্ষ আতঙ্কিত হয়ে এসব অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে এমন কুৎসা রটানো অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এতে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। আমি এসব মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনগতভাবে মোকাবিলা করবো। শেষ পর্যন্ত জনগণের রায়ের ওপরই বিজয় নির্ভর করবে। এ বিষয়ে আমি সম্পূর্ণ আশাবাদী।
স্বতন্ত্র এই প্রার্থী আরও দাবি করেন, তিনি নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও ইতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন। জনগণ উন্নয়ন, সৎ নেতৃত্ব ও নিরাপদ ভবিষ্যতের পক্ষে রায় দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-১ আসনে নির্বাচনী প্রচারণা যত এগোচ্ছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, বক্তব্য ও পাল্টা বক্তব্যে এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে।
এদিকে ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেলেও তারা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছেন।




















