উন্নয়নের চাপে হারিয়ে যেতে পারে সুগন্ধ ছড়ানো প্রকৃতির এ অনন্য নিদর্শন
- আপডেট সময় : ০৮:৫৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে মধুপুর পৌর শহরের চাড়ালজানীতে উপজেলা ভেটেরিনারি হাসপাতাল ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়। এর সামনেই দাঁড়িয় শতবর্ষী ছাতিম গাছ।যুগ যুগ ধরে গাছটি শুধু ছায়াই দেয়নি, বরং হয়ে উঠেছে এলাকার ঐতিহ্য, স্মৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত প্রতীক। কিন্তু
এক পাশে ড্রেন, সীসানা প্রাচীর নির্মাণ করায় এবং অন্য পাশে রাস্তা প্রশস্তকরণে চাপে আছে গাছটি। বিদ্যুৎ লাইন টানতে ডাল কাটায় শ্রী হারিয়েছে সম্প্রতি। উন্নয়ন কর্মকাণ্ডের চাপের মুখে সেই ঐতিহ্যবাহী গাছটি এখন অস্তিত্ব হুমকির মুখে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ছাতিম ফুল ফোটার মৌসুমে সন্ধ্যা নামলেই গাছটি থেকে ছড়িয়ে পড়া মাদকতাময় সুবাস আশপাশের বিস্তীর্ণ এলাকাকে সুগন্ধে ভরিয়ে তোলে। দূর থেকেই সেই সুগন্ধ জানান দেয় গাছটির উপস্থিতি। অনেকের শৈশব-কৈশোরের স্মৃতি জড়িয়ে আছে এই গাছকে ঘিরে। যানবাহনের যাত্রী বা পথচারীদের জন্য এ গাছের ফুলের গন্ধ বিশেষ অনুভূতির জন্ম দেয়।
তবে সম্প্রতি গাছটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রাণীসম্পদ কার্যালয়ে তিন ফেইজের বিদ্যুতের লাইন স্থাপনের জন্য রাস্তার দিকের দুটি বড় ডাল কেটে ফেলা হয়েছে। এর আগেও গাছটির একাধিক ডাল ছাঁটা হয়েছিল। এছাড়া সম্প্রতি গাছটির শিকড়ের একেবারে কাছ দিয়ে একটি বড় ড্রেন ও প্রাণিসম্পদ হাসপাতালের সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। এতে শিকড় ক্ষতিগ্রস্ত হয়ে গাছটির স্বাভাবিকতা ও স্থায়িত্ব মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
প্রকৃতিপ্রেমী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক ছাত্র পাশের ধনবাড়ী উপজেলার তাপস বর্দ্ধন, কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র পরিবেশ, গাছ প্রেমি এবং ফলদ বাংলাদেশের কর্মি শোলাকুড়ির রাতুল মুন্সির এ পথে চলাচল। তারা জানান, শতবর্ষী এমন দুর্লভ একটি গাছের ক্ষেত্রে এ ধরনের ডাল অপসারণ ও শিকড়ের কাছাকাছি খননকাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের উদ্যোগ দরকার। না হলে অচিরেই হারিয়ে যাবে মধুপুরের এই প্রাকৃতিক ঐতিহ্য। তাদের মতে, ছাতিম গাছের কাঠের বাণিজ্যিক মূল্য তুলনামূলক কম হলেও পরিবেশগত গুরুত্ব অপরিসীম। এটি স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে, পরিবেশকে শীতল রাখে, বাতাস বিশুদ্ধ করে এবং সুগন্ধি ফুলের মাধ্যমে এলাকার একটি স্বতন্ত্র প্রাকৃতিক পরিচয় বহন করে।
এদিকে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১, মধুপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী আমজাদ হোসেন জানান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের পুরোনো আবেদনের ভিত্তিতে সেখানে তিন ফেইজ বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে ডাল কাটা পড়েছে। খুঁটি ও ট্রান্সফরমার স্থাপনে গাছের ডাল বাধা হওয়ায় প্রাণিসম্পদ কার্যালয় থেকেই ডাল অপসারণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহীদুজ্জামান বলেন, তিন ফেইজ বিদ্যুৎ সংযোগের জন্য দুটি ডাল বাধা ছিল। পল্লী বিদ্যুতের লোকজন সম্প্রতি ডাল কেটে দিয়েছেন। তবে এর চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো, সড়ক প্রশস্তকরণ প্রকল্প বাস্তবায়িত হলে পুরো গাছটিই কেটে ফেলা হতে পারে। তিনি জানান, এর আগেও ড্রেন নির্মাণের সময় গাছটি কাটার উদ্যোগ ছিল। তখন হাসপাতালের জমির অংশ ছেড়ে দিয়ে ড্রেন নির্মাণের সুযোগ করে গাছটি রক্ষা করা হয়। বর্তমানে গাছটি সড়ক ও জনপথ বিভাগের আওতাভুক্ত এবং গাছটি নিলামের (অকশন) প্রক্রিয়াও চলছে বলে তিনি জানতে পেরেছেন।
সড়ক ও জনপথ বিভাগের টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমেরী খান দায়িত্বে থাকাকালীন জানিয়ে ছিলেন, মধুপুর উপজেলার আনারস বাজারসহ বিভিন্ন স্থানে সড়ক, সেতু ও কালভার্ট উন্নয়নের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্পের প্রয়োজনে রাস্তার পাশের গাছ সংক্রান্ত কার্যক্রম বন বিভাগ পরিচালনা করছে। পাশের কালভার্ট নির্মাণের প্রয়োজনে গাছটি অপসারণের বিষয়টি বিবেচনায় আসতে পারে।
মধুপুর বনাঞ্চলের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, সংশ্লিষ্ট বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে বন বিভাগ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে এবং সরেজমিন প্রতিবেদন বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে শতবর্ষী ছাতিম গাছটি নিয়ে স্থানীয়ভাবে আপত্তি বা সংরক্ষণের দাবি উঠলে বন বিভাগ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে বলে তিনি আশ্বাস দেন।
স্থানীয়দের মধ্যে অবসর প্রাপ্ত চক্ষু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা.মোশাররফ হোসেন জানান, ছোটকাল থেকে গাছটি একইভাবে দেখে আসছি। গুরুত্বপূর্ণ গাছ দাবি করে তিনি জানান, উন্নয়নের প্রয়োজন অবশ্যই রয়েছে, তবে সেই উন্নয়ন যেন প্রকৃতির অমূল্য ঐতিহ্য ধ্বংসের বিনিময়ে না হয়।
বিশেষজ্ঞদের মতামত নিয়ে গাছটির স্বাস্থ্য পরীক্ষা, বৈজ্ঞানিক পরিচর্যা ও সংরক্ষণের উদ্যোগ গ্রহণের পাশাপাশি সড়ক উন্নয়নের পরিকল্পনায় বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন অনেকে। তাদের বিশ্বাস, যথাযথ উদ্যোগ নিলে উন্নয়নও হবে, আবার শতবর্ষী এই ছাতিম গাছটিও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেঁচে থাকবে।











