মধুপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫ মাদক ব্যবসায়ী আটক, ইয়াবাসহ নগদ টাকা জব্দ
- আপডেট সময় : ০৫:০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৭২৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযানে ইয়াবা, নগদ টাকা, মোটরসাইকেল ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর আর্মি ক্যাম্পের ৩ সিগন্যাল ব্যাটালিয়নের ক্যাপ্টেন নাহিয়ান (বিএ-১০৮৬৮)-এর নেতৃত্বে এবং মধুপুর থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মো. সুলতান মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— ঘাটাইলের রুবেল (৩৫), মধুপুরের কাউসার (২৭), সুলতান (৪০) ও মোশাররফ হোসেন (৩৭)এবং গোপালপুরের সাইদুল বাসার (৩৬) ।
অভিযানে ২৩০ পিস ইয়াবা, নগদ ৮৮ হাজার টাকা, একটি বাজাজ মোটরসাইকেল, ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৩টি বাটন মোবাইল, ২০টি গ্যাস ম্যাচ ও একটি ফুয়েল পেপার রোল জব্দ করা হয়।
পরবর্তীতে রাত ১টা ১০ মিনিটে জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিদের মধুপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।




















