মধুপুরে শালবন রক্ষায় স্থানীয়দের সঙ্গে বেলার আলোচনা সভা
- আপডেট সময় : ০৯:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে ঐতিহ্যবাহী শালবন সংরক্ষণ, পরিবেশগত অধিকার রক্ষা এবং বন রক্ষায় করণীয় নির্ধারণে স্থানীয়দের অংশগ্রহণে পৃথক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলার পীরগাছা থাংয়ানিয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের হলরুমে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে সভা দুটি অনুষ্ঠিত হয়।
সভায় বন সংরক্ষণে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, পরিবেশগত অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বন রক্ষায় আইনি ও সামাজিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারোদের প্রতিনিধিরা শালবন সংরক্ষণে তাঁদের অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য করণীয় দিক তুলে ধরেন। পাশাপাশি বন ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাঁদের সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন ।
আদিবাসী কালচারাল ফোরামের (এসিডিএফ) সভাপতি অজয় এ মৃ এতে সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন বেলার বিভাগীয় প্রকল্প কর্মকর্তা উজ্জ্বল কুবি।
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, সহসভাপতি প্রবীণ চিসিম, সাংবাদিক মো. লিটন সরকার, মেহেদী হাসান বকুলসহ স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শালবনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা বন সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানো এবং পরিবেশগত অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেন।


















