ধনবাড়ীতে দস্যুতা মামলার প্রধান আসামি গ্রেফতার
- আপডেট সময় : ১০:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১০৫৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ী থানায় দায়ের করা দস্যুতা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. লিমন (৩০)-কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে ধৃত আসামিসহ একদল দস্যু দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিমের বসতঘরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। লুট হওয়া স্বর্ণালংকারের পরিমাণ ছিল প্রায় ৬ ভরি ৪ আনা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা।
এ ঘটনায় ভুক্তভোগী মো. হাসিবুল হাসান লিখন (২৬) ধনবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি (নং-০৬, তারিখ-১৫ ফেব্রুয়ারি ২০২৬) পেনাল কোডের ৩৯২ ধারায় রুজু করা হয়। মামলা দায়েরের পর থেকেই র্যাব আসামিদের গ্রেফতারে তৎপরতা চালায়।
এরই ধারাবাহিকতায় শুক্রবাে (১০ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. লিমনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধনবাড়ী থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

















