মধুপুরে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম
- আপডেট সময় : ০৮:০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে টেকী মণ্ডলপাড়া বাইতুল মোকাররম জামে মসজিদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে পৌর শহরের টেকী মণ্ডলপাড়া এলাকায় মসজিদটির নতুন ভবন উদ্বোধন করেন তিনি। পরে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, যুবদলের আহ্বায়ক হযরত শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন উপলক্ষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। তাদের খোঁজখবর নেন এবং সবার কাছে দোয়া চান। এ সময় তিনি বলেন, গত বছর এই দিনে তিনি এলাকায় ভোট প্রার্থনায় মাঠে ছিলেন। মধুপুরের মানুষের ভোটে আজ তিনি সংসদ সদস্য ও মন্ত্রী। এ জন্য তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মসজিদসহ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এ অঞ্চলের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এর আগে মন্ত্রী মধুপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে জনগণ ও দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে তাদের পাশে থাকার কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে মন্ত্রী ফকির মাহবুব আনাম মধুপুর আসেন। এ আসনের অপর উপজেলা ধনবাড়ীতে শনিবার যাওয়ারও কথা আছে তার।












