মধুপুরে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় ড্রাইভারের লাশ উদ্ধার, দুর্ঘটনার ধারণা পুলিশের
- আপডেট সময় : ০৮:৪৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ৪০৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে হাকিম ড্রাইভার (৩৭) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) ভোরে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী-নেকিবাড়ী সড়কের মধ্যবর্তী এলাকায় মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত হাকিম ড্রাইভার গোলাবাড়ী এলাকার আবু হানিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেষ রাতের কোনো একসময় হাকিমের মৃত্যু হয়ে থাকতে পারে। ভোরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে ভোর সাড়ে ৫টার দিকে মধুপুর থানার এসআই কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
মধুপুর থানার এসআই কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনাজনিত কারণে হাকিমের মৃত্যু হয়ে থাকতে পারে। তার মাজা থেকে শুরু করে উরু পর্যন্ত ভাঙা রয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা অধিকতর তদন্তের পর স্পষ্ট হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

















