পরিকল্পিত নৈরাজ্য রুখতে মধুপুরে বিএনপির মশাল মিছিল
- আপডেট সময় : ১০:২১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ এবং প্রতিরোধের ঘোষণা দিয়ে টাঙ্গাইলের মধুপুরে মশাল মিছিল করেছে উপজেলা বিএনপি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারের নেতৃত্বে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার কাকরাইদ তিন রাস্তার মোড় থেকে শুরু হয়ে মধুপুর সড়কের ব্রিজপাড় পর্যন্ত যায়। পরে সেখান থেকে ফিরে এসে কাকরাইদ এলাকায় আয়োজিত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার বলেন, দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। এ জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
তিনি ঘোষণা করেন, মঙ্গলবার থেকে এক সপ্তাহব্যাপী মধুপুর পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি পালন করা হবে।
মশাল মিছিল ও সমাবেশে মধুপুর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদৎ হোসেন ফকির, বিএনপি নেতা ফারুক হোসেন, হেলাল সরকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















