টাঙ্গাইল -১
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, জামায়াত প্রার্থী কাফীকে কারণ দর্শানোর নোটিশ
- আপডেট সময় : ০৯:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা বেশ জমজমাট। এই প্রচারণায় টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহেল কাফীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৭(খ) লঙ্ঘনের অভিযোগে এই নোটিশ দেওয়া হয়েছে।
সরেজমিন পরিদর্শনে কমিটি পর্যবেক্ষণ করেছে, ধনবাড়ী সদর উপজেলা এবং মধুপুর উপজেলার আলোকদিয়া, চাপড়ী বাজার, শঠিবাড়ী বাজারসহ বিভিন্ন স্থানে অপচনশীল দ্রব্য (রেক্সিন/পিভিসি শীট) দিয়ে তৈরি ব্যানার ও প্রচারপত্র টানানো হয়েছে, যা বিধিমালার সরাসরি লঙ্ঘন।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের(আদালত)) বিচারক মো শামছুল আলম স্বাক্ষরিত ৫ ফেব্রুয়ারির নোটিশে জানানো হয়, এ ধরনের লঙ্ঘন The Representation of the People Order, 1972 এর Article 91B(3) এবং আচরণ বিধিমালার বিধি ২৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে অনধিক ৬ মাসের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
আইনের এ ধারায়, কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং কেন নির্বাচন কমিশনের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না- তা জানতে আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ সকাল ১০টা ৩০ মিনিটে টাঙ্গাইল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের তৃতীয় তলার রুম নং-৩০৫ এ অবস্থিত অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, উক্ত কারণ দর্শানোর নোটিশ নির্ধারিত সময়ের মধ্যে জারী করে দ্রুত প্রতিবেদন দাখিলের জন্য ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)-কেও নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।















