মধুপুরে কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল প্রত্যায়িত পাটবীজ বিতরণ
- আপডেট সময় : ১০:৩৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন- বিএডিসি’র উদ্যোগে কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল প্রত্যায়িত পাটবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন। এ সময় জানানো হয়, উপজেলার মোট ১,০৩০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি করে মোট ১,০৩০ কেজি পাটবীজ বিতরণ করা হবে।
উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা খাদিজাতুল কুবরা জানান, গত মৌসুমে পাটচাষীদের মাঝে বীজের পাশাপাশি সারও বিতরণ করা হয়েছিল। তবে চলতি মৌসুমে আপাতত শুধু বীজ বিতরণ করা হচ্ছে। পরবর্তীতে সার সরবরাহ পাওয়া গেলে তা কৃষকদের মাঝে বিতরণ করা হবে।
পাটবীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজুলল হক, বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নতমানের পাটবীজ ব্যবহারের মাধ্যমে পাট উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন।











