মধুপুর পৌরসভায় ২০ বছরের মহাপরিকল্পনার তৃতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রামের আওতায় মধুপুর পৌরসভার নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্প বিষয়ে তৃতীয় পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২২ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয় এ সভা। পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্স লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত সভা আঞ্চলিক সমন্বয়ক মোহাম্মদ আব্দুল মান্নান পরিচালনা করেন। উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের রিজিওনাল কো- অর্ডিনেটর নগর পরিকল্পনাবিদ ফারহানা রহমান, আইইউজিআইপি মাস্টারপ্ল্যান প্রকল্পের নগর পরিকল্পনাবিদ আব্দুল আহাদ নাফিস, নগর পরিকল্পনাবিদ কেএম আবুল বাশার।
সভায় মতামত ও প্রস্তাবনা প্রদান করেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রিন্স, টিএলসিসি সদস্য সাংবাদকি এস.এম শহীদ।
পৌর সমন্বয় কমিটির সদস্য যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, টিএলসিসি সদস্য মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, পৌর প্রকৌশলী রাজীব কুমার গুহ, শহর সমন্বয় কমিটির সদস্য পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক, জামাত নেতা টিএলসিসি সদস্য হাফিজুর রহমানসহ শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মধুপুর পৌরসভার আগামী ২০ বছরের উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণে সংশ্লিষ্টদের মতামত গ্রহণের লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড এই ধারাবাহিক পরামর্শ সভার আয়োজন করে আসছে ।
সভার শুরুতে পরামর্শক প্রতিষ্ঠানটির পক্ষে প্রতিনিধি ইতোমধ্যে পৌর শহরে পরিচালিত বিভিন্ন জরিপের তথ্য ও উপাত্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। এ সময় নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, সড়ক যোগাযোগ ও পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীরা মতামত প্রদান করেন। আয়োজকরা তা লিপিবদ্ধ করেন।
পরামর্শ সভায় বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়নের মাধ্যমে মধুপুর পৌরসভাকে একটি আধুনিক, বাসযোগ্য ও টেকসই শহর হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি এ মহাপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















