রাণী ভবানীতে শিক্ষকদের ফুলেল শ্রদ্ধা
মধুপুরে শোভাযাত্রা-আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
- আপডেট সময় : ০১:৫৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে শোভাযাত্রা, আলোচনা সভা ও শিক্ষকদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকালে ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনের ৬০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, একাডেমিক সুপারভাইজর মহিউদ্দিন আহমেদ, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, বাংলাদেশ শিক্ষক সমিতি মধুপুর শাখার সভাপতি সাইফুল ইসলাম স্বপন এবং মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছেদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি মধুপুর শাখার সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ।
বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের যথাযথ মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা গেলে তারা আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জাতি গঠনে ভূমিকা রাখতে পারবেন।
আলোচনা সভা শেষে শিক্ষকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা পাঁচজন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।৷
এদিকে মধুপুর রাণী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সকল শিক্ষককে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে। তারা প্রধান শিক্ষকসহ লাইনে দাঁড়ানো শিক্ষকদের এক এক করে ফুল হাতে তুলে দিয়ে বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচি পালন করেছে। শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি হোক এি প্রত্যাশা করেছে শিক্ষার্থীরা।











