মধুপুরে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু, এলাকায় শোক
- আপডেট সময় : ১০:২৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আবু তালহা (১৭) নামের এক কলেজছাত্র চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার (২২ নভেম্বর) ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আবু তালহা মধুপুর পৌর এলাকার কাঁঠালতলী মোড়ের বাসিন্দা সোলায়মান তোতার ছেলে। সে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে মধুপুরের বনাঞ্চল এলাকায় বেড়াতে যায় তালহা। বাড়ি ফেরার পথে সড়কের একটি গতিরোধকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। প্রথমে তাকে মধুপুরে চিকিৎসা দেওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর রোববার তার মৃত্যু হয়।
রোববার রাত ৯টায় মধুপুরের টেংরি গোরস্থানে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।













