মির্জাপুরে র্যাবের অভিযানে ১০০ বোতল ‘এস্কাফ সিরাপ’সহ মাদককারবারি আটক
- আপডেট সময় : ০৮:৪২:২২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে র্যাবের মাদকবিরোধী অভিযানে ১০০ বোতল নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ‘এস্কাফ সিরাপ’সহ এক মাদককারবারিকে আটক করা হয়েছে।
র্যাব-১৪ এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থানাধীন পাকুল্যা বাজার এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এসময় চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী “সাথী এন্টারপ্রাইজ” নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে মো. রবিউল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তার কাছে অবৈধ মাদক থাকার কথা স্বীকার করেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে ১০০ বোতল ‘এস্কাফ সিরাপ’ উদ্ধার করা হয়। এসময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটককৃত মাদককারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।











