শ্রমিকদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
মধুপুরে মে দিবসের সমাবেশে মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন
- আপডেট সময় : ১০:০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিভাজন নয়, বরং ঐক্যের মাধ্যমে শক্তি বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বলেন, “ডিভিশন হয়ে শ্রমিকদের স্বার্থ রক্ষা সম্ভব নয়। ঐক্যবদ্ধ থাকলেই শ্রমিকদের শক্তি বাড়বে এবং তাদের অধিকার সংরক্ষিত হবে।”
শুক্রবার (১ মে) বিকেলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর বাসস্ট্যান্ডে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শ্রমিকদের সম্মান জানানো এবং পারস্পরিক ছাড় দেয়ার মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের স্বীকৃতি পেয়েছে। এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের বিদ্যুৎ সংকট অনেকটাই দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “বিশ্বের অনেক দেশই পারমাণবিক শক্তির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশেও গ্যাস জ্বালানির সংকট দেখা দিচ্ছে, তাই বিকল্প হিসেবে পারমাণবিক বিদ্যুতের দিকে এগোনো সময়ের দাবি।”
রাজনৈতিক প্রসঙ্গে মন্ত্রী বলেন, “দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। এই সরকার শাসন করার জন্য নয়, বরং দেশের দায়িত্বশীল দেখভালের জন্য কাজ করছে।”
শ্রমবাজার প্রসঙ্গে তিনি জানান, দক্ষ জনশক্তি তৈরি করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শ্রমিক রপ্তানির উদ্যোগ নেয়া হয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দিয়ে মন্ত্রী বলেন, “চাঁদাবাজ, দখলবাজ ও মাদক কারবারিদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না।” তিনি পুলিশ ও উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব অপরাধে জড়িতদের আটক করে আইনের আওতায় আনতে হবে এবং কোনো প্রভাবশালী মহলের সুপারিশে তাদের ছাড় দেয়া যাবে না।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “কোনো অপরাধ বা অন্যায়ের সঙ্গে জড়ানো যাবে না। বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত হয়ে সাংবাদিকদের নেতিবাচক সংবাদ লেখার সুযোগ দেয়া যাবে না।”
মন্ত্রী আরও দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুল হাকিম। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সুরুজ্জামান সুজা, উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এমএ সামাদ এবং উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার।
এসময় উপস্থিত ছিলেন মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, বিএনপি নেতা আব্দুল লতিফ পান্না ও হুমায়ুন কবির তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে মন্ত্রী মধুবন কমিউনিটি সেন্টারে নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। পরে সন্ধ্যায় ধনবাড়ী উপজেলার ভাইঘাটে জামিয়া নিজামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার পঞ্চম তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাতের দিকে তিনি ধনবাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।











