মধুপুরে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত:
মাদক মামলায় যুবকের কারাদণ্ড, ৪ প্রতিষ্ঠানের দেড় লক্ষাধিক টাকা জরিমানা
- আপডেট সময় : ০৯:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ১৫১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর পৌর শহর ও পৌর এলাকার বিভিন্ন স্থানের রেস্টুেরন্ট মিষ্টির দোকান, মুড়ির কারখানাসহ চারটি প্রতিষ্ঠান ও এক মাদকাসক্ত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ৫৫ হাজার ৫ শ টাকা জনিমানা আদায় করা হয়েছে। একই সাথে মাদকাসক্ত ওই তরুণকে জেল দেয়া হয়েছে।
বুধবার দিনের দীর্ঘ সময় ধরে মধুপুর থানার পুলিশ সদস্যদের সহযোগিতায় পরিচালিত এ অভিযান এবং মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন।
টাঙ্গাইল – ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বিপ্রবাড়ি এলাকায় অবস্থিত ‘চাঁদের হাসি’ রেস্টুরেন্টে ইয়াবাহসহ অবস্থান করা রাকিব (১৮) নামের মাদকাসক্ত কে মাদক আইনের মামলায় ৫ শ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ভেজাল খাদ্য সংরক্ষণ ও বিক্রির কারণে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এর আগে মধুপুর বাসস্ট্যান্ডে অবস্থিত কানন মিষ্টি বিলাস নামের দোকানের মিষ্টিতে স্বাস্থ্য ঝুঁকির উপাদান পোকা থাকার দায়ে ৫০ হাজার টাকা, বাক্সসহ মিষ্টির ওজনে কম দেয়ার দায়ে ধনবাড়ী মিষ্টি ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নরকোণায় এক মুড়ি কারখানায় অভিযান চালিয়ে বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহারের দায়ে মান নিয়ন্ত্রণ আইনে ওই কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুটি মিষ্টির দোকানসহ রেস্টুরেন্ট, মুড়ির কারখানায় অভিযান পরিচালিত হয়েছে।
তিনি জানান, উপজেলার চাঁদের হাসিসহ কয়েকটি রেস্টুরেন্টে স্কুল চলাকালীন সময়ে স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়া, গল্প করা এবং দৃষ্টিকটু আচরণ করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ ও অভিভাবকদের অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে এবং তাদের সুষ্ঠু শিক্ষাজীবন বজায় রাখতে অভিভাবকদের আরও সচেতন ও সতর্ক দৃষ্টি রাখার প্রয়োজন রয়েছে।

















