মধুপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ
- আপডেট সময় : ০১:৫২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ২৭৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের কালার পাহাড় এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, মারধর এবং স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় মুনসুর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আউশনারা (কালার পাহাড়) এলাকার ওই গৃহবধূ (২৩) গত ২০ জুন দুপুর আনুমানিক ১টার দিকে নিজ বাড়ির একটি ঘরে অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার মৃত ওমর আলী সরদারের ছেলে মো. মুনসুর আলী (৪০) বাড়িতে লোকজন না থাকার সুযোগে ঘরে প্রবেশ করে তাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালান।
ভুক্তভোগীর অভিযোগে উল্লেখ করেন, ধস্তাধস্তি ও জোরপূর্বক ধর্ষণের চেষ্টার একপর্যায়ে তিনি অভিযুক্তের হাত থেকে ছুটে বের হয়ে পাশের একটি আনারস বাগানে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত সেখানে গিয়েও তাকে পুনরায় ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে মারধর করে।
তার চিৎকার শুনে লোকজন এগিয়ে আসার আশঙ্কায় অভিযুক্ত তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন এবং তার গলায় ও কানে থাকা স্বর্ণের চেইন ও দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫ হাজার টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী।
পরে খবর পেয়ে তার স্বামী বাড়িতে এসে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে মধুপুর থানা সূত্র অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে। অভিযোগের বিষয়টি বর্তমানে তদন্তাধীন বলে জানানো হয়েছে।












