২০২৬-২৭ অর্থবছর
মধুপুর পৌরসভার ৮৭ কোটি টাকার বাজেট ঘোষণা
- আপডেট সময় : ১২:২৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮৭ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৩০২ টাকা ৭৬ পয়সার খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই উদ্বৃত্ত বাজেট গত অর্থবছরের তুলনায় প্রায় ১৪ কোটি টাকা কম। গত অর্থবছরে পৌরসভার বাজেট শতকোটি টাকা অতিক্রম করলেও এবার তা নেমে এসেছে প্রায় সাড়ে ৮৭ কোটিতে। জলবায়ু ও পানি সরবরাহ প্রকল্প সমাপ্ত হওয়ায় এবারের বাজেট কমে গেছে বলে জানানো হয়েছে ।
বুধবার (২৪ জুন) দুপুরে মধুপুর পৌরসভা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট উপস্থাপন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা মো. জুবায়ের হোসেন।
বাজেটে বিভিন্ন খাতে মোট ৬৮ কোটি ৩৯ লাখ ৮২ হাজার ৭৬৩ টাকা আয় ধরা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য রাজস্ব খাতে ১৩ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭২৮ টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ৩ কোটি ৭৯ লাখ ৬৩ হাজার টাকা, রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন খাতে স্থানান্তরের জন্য ৮০ লাখ টাকা এবং টেকসই নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ২৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
অন্যদিকে উন্নয়ন ও রাজস্ব খাতসহ বিভিন্ন খাতে মোট ৭৯ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৯৯৭ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশাসক মির্জা মো. জুবায়ের হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম ভূঁইয়া, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, বিএনপি নেতা আব্দুল লতিফ পান্না, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক এস.এম. শহীদ, সাবেক কাউন্সিলর আবুল বাশারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
এছাড়া পৌরসভার সহকারী প্রকৌশলী রাজীব গুহ, উপ-সহকারী প্রকৌশলী শাহরুখ তুহিন, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল বারী আকন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





















