প্রধানমন্ত্রী ও দলের পক্ষে স্বপন ফকিরের শোক,সমবেদনা
ধনবাড়ীর বিএনপি নেতা হাবিবুল্যাহ ফকিরের জানাজায় জনতার ঢল
- আপডেট সময় : ০৮:০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

অবিভক্ত মধুপুর-ধনবাড়ী এলাকার বর্ষীয়ান বিএনপি নেতা, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পাইস্কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধনবাড়ী পৌরসভার প্রথম চেয়ারম্যান হাবিবুল্যাহ ফকিরের জানাজায় মানুষের ঢল নামে। শুক্রবার বেলা ১১টায় ধনবাড়ী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত প্রথম জানাজায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনসহ দুই উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে মারা যান হাবিবুল্যাহ ফকির। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় হাবিবুল্যাহ ফকির অবিভক্ত মধুপুর-ধনবাড়ী বিএনপির প্রথম সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরে পাইস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ধনবাড়ী পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক ও জনসেবামূলক জীবনে স্থানীয় মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
জানাজার আগে মন্ত্রী ফকির মাহবুব আনাম ছাড়াও বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রোকনোজ্জামান সুজা ও ধনবাড়ী বিএনপির সভাপতি এস এম এ সোবাহান।
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন দলের ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রয়াত নেতার প্রতি সম্মান জানিয়ে ধনবাড়ীতে শুক্রবার বিএনপির কেন্দ্র ঘোষিত নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল-সমাবেশসহ নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বাদ জুমা প্রয়াতের নিজ গ্রাম পাইস্কাতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন হয়।




















