আলোকদিয়া স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সংকট, কর্মীদের অনুপস্থিতিসহ ১৬ সমস্যা চিহ্নিত
মধুপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গণশুনানি, ১০ সমস্যার তাৎক্ষণিক সমাধান
- আপডেট সময় : ১০:০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

স্বাস্থ্য খাতে সুশাসন ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং সেবার মানোন্নয়নে টাঙ্গাইলের মধুপুরে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুনানিতে আলোকদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বিভিন্ন সমস্যা তুলে ধরেন সেবাগ্রহীতারা। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ১০টি সমস্যার সমাধান করেছে বলে জানানো হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আলোকদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মধুপুরের যৌথ আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
এতে সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সনাক, ইয়েস ও এসিজির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
গণশুনানিতে সেবাগ্রহীতারা স্বাস্থ্যকেন্দ্রে কর্মীদের সময়মতো উপস্থিতি না থাকা, ওষুধের স্বল্পতা, ওজন ও রক্তচাপ মাপার যন্ত্র নষ্ট, রোগীকে যথাযথভাবে না দেখে ওষুধ দেওয়ার অভিযোগ, বাইরে থেকে ওষুধ কেনার প্রয়োজন, বসার স্থান ও বাউন্ডারি দেয়ালের সমস্যা, ওয়াশ ব্লক, সুপেয় পানি, সাইনবোর্ড, ডিউটি রোস্টার ও সিটিজেন চার্টার না থাকাসহ ১৬টি সমস্যা তুলে ধরেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী বলেন, জনবল ও ওষুধের স্বল্পতার কারণে অনেক সময় কাঙ্ক্ষিত সেবা দিতে সমস্যা হয়। তবে কোনো কর্মী সেবা দিতে ব্যর্থ হলে বিষয়টি নিশ্চিত করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে। এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্যকেন্দ্রে কর্মীদের নাম, মোবাইল নম্বর ও প্রদত্ত সেবার তথ্য দৃশ্যমান করার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, কিছু সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা ছাড়া সমাধান করা সম্ভব নয়। তবে উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। কোনো কর্মী দায়িত্ব পালনে অবহেলা করলে অভিযোগ বাক্সে অভিযোগ করার পাশাপাশি কর্তৃপক্ষকে জানানোর জন্য সেবাগ্রহীতাদের প্রতি আহ্বান জানান তিনি।
মধুপুর সনাকের স্বাস্থ্যবিষয়ক আহ্বায়ক ডা. শামসুল হক বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে টিআইবি ও সনাক কাজ করছে। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা প্রয়োজন।
গণশুনানিতে সেবাগ্রহীতাদের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, সনাক, ইয়েস ও এসিজির প্রতিনিধিরা মুক্ত আলোচনায় অংশ নেন। তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন সনাক, মধুপুরের সভাপতি বজলুর রশিদ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং।





















