টাঙ্গাইলে রাস্তা পার হওয়ার সময় স্বামী-স্ত্রী নিহত
- আপডেট সময় : ০৪:৫৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ৩১৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে মহাসড়ক পাড় হতে গিয়ে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তাদের এক শিশু সন্তান।
শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিহাতী উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের মৃত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০), তার স্ত্রী বন্দনা দাস (৪০)। আহত ছেলের দিবস দাস (৮)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে রঞ্জিত স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলী এলাকায় উত্তরগামী লেন থেকে ঢাকাগামী লেন পাড় হওয়ার সময় অজ্ঞাত বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার স্ত্রীর মৃত্যু হয়। এতে আহত হয় রঞ্জিতসহ তার ছেলে। পরে হাসপাতালে রঞ্জিত দাসের মৃত্যু হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, খবর পেয়ে মহাসড়কের পৌলী এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিতের মৃত্যু হয়। তার ছেলে হাসপাতালে ভর্তি রয়েছে।





















