মধুপুর পৌরসভায় শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:১৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় শহরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, ড্রেনেজ ব্যবস্থা, যানজট নিরসন ও নাগরিক সেবার উন্নয়ন নিয়ে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মধুপুর পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মির্জা জুবায়ের হোসেন। সভা সঞ্চালনা করেন টিএলসিসি’র সদস্যসচিব ও পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাংবাদিক এস এম শহীদ, সমাজসেবা কর্মকর্তা ও ওয়ার্ড দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান, পৌরসভার সহকারী প্রকৌশলী রাজিব কুমার গুহ এবং গণঅধিকার পরিষদের আরিয়ান খান অনিক।
সভায় উপসহকারী প্রকৌশলী শাহরুখ হাসান তুহিন পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, প্রায় ৭০ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পের মধ্যে ৫৬ কোটি টাকার কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। বাকি ১৪ কোটি টাকার কাজ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে শহর সমন্বয় কমিটির সদস্যদের প্রস্তাবনা দেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, নতুন উন্নয়ন পরিকল্পনায় বরাদ্দের প্রায় ৮০ শতাংশ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ব্যয় করা হবে এবং অবশিষ্ট ২০ শতাংশ রাস্তা ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করার সুযোগ থাকবে।
এ সময় শহরের যানজট সমস্যা নিরসন, পাবলিক টয়লেট নির্মাণ, ভিজিএফ কার্যক্রম এবং পৌরসভার ট্যাক্স আদায়সহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক মির্জা জুবায়ের হোসেন বলেন, মধুপুর পৌরসভা উন্নয়ন বরাদ্দের দিক থেকে অন্যতম অগ্রগামী। তিনি আশা প্রকাশ করেন, টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের সহযোগিতায় মধুপুরের উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। একই সঙ্গে তিনি উন্নয়নে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।



















