ভূমি অফিসে হয়রানি নয়, মিলবে দ্রুত সেবা- দিল আফরোজ
- আপডেট সময় : ১১:২৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

ভূমি অফিসে হয়রানি নয়, দ্রুত ও দালালমুক্ত সেবা নিশ্চিত করতে কাজ করবেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ। তিনি বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
মঙ্গলবার (১২ মে ২০২৬) ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সভায় সাংবাদিকরা নবাগত এসিল্যান্ডকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। এ সময় উপজেলার ভূমি ব্যবস্থাপনা, জনসেবা নিশ্চিতকরণ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন দিল আফরোজ। তিনি দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি এস. এম. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি সৈয়দ সাজন আহম্মদ রাজু, সাংবাদিক পলাশ ইসলাম, সোহাগ হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, ধনবাড়ীর উন্নয়ন ও জনস্বার্থে সাংবাদিকদের ভূমিকা সবসময় অব্যাহত থাকবে। পাশাপাশি উপজেলার ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে নবাগত কর্মকর্তার কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন তারা।




















