প্রাণিসম্পদ উন্নয়ন ও নারীর আত্মকর্মসংস্থানের স্বীকৃতি
প্রাণিসম্পদ পদক পেলেন মধুপুরের নাজনীন আক্তার
- আপডেট সময় : ১১:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ উন্নয়ন ও নারীর আত্মকর্মসংস্থানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ পেয়েছেন টাঙ্গাইলের মধুপুরের উদ্যোক্তা নাজনীন আক্তার। ‘আকাশী এগ্রো ফার্ম’-এর মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদান রাখায় তাকে রৌপ্য পদকে ভূষিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সম্প্রসারণ, উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থানে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পদক দেওয়া হয়। নারী উদ্যোক্তা হিসেবে নাজনীন আক্তারের এ অর্জন মধুপুরের জন্যও গৌরবের।
নাজনীন আক্তার মধুপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আনোয়ার হোসেনের সহধর্মিণী। তার এ অর্জন প্রাণিসম্পদ খাতে নারীদের অংশগ্রহণ ও উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জাতীয় পর্যায়ে এমন সম্মাননা অর্জনে মধুপুরের নারী উদ্যোক্তাদের মধ্যে নতুন অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নাজনীন আক্তারের এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রাণিসম্পদ খাতে নারীদের অংশগ্রহণ, উদ্যোগ গ্রহণ এবং স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত।

















