মধুপুর পৌরসভার ২০ বছরের মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ১৯১ বার পড়া হয়েছে

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রামের আওতায় মধুপুর পৌরসভার নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্প বিষয়ে এক পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মধুপুর পৌরসভার হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মধুপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন।
সভায় উপস্থিত ছিলেন পৌর সমন্বয় কমিটির সদস্য উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহীদুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, টিএলসিসি সদস্য মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান, ডা. নুরুল হুদা, পৌর প্রকৌশলী রাজীব কুমার গুহ, শহর সমন্বয় কমিটির সদস্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সদস্যবৃন্দ।
মধুপুর পৌরসভার আগামী ২০ বছরের উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণে সংশ্লিষ্টদের মতামত গ্রহণের লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড এই পরামর্শ সভার আয়োজন করে ।
সভায় পরামর্শক প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা ইতোমধ্যে পৌর শহরে পরিচালিত বিভিন্ন জরিপের তথ্য ও উপাত্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। এ সময় নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীরা মতামত প্রদান করেন।
পরামর্শ সভায় বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়নের মাধ্যমে মধুপুর পৌরসভাকে একটি আধুনিক, বাসযোগ্য ও টেকসই শহর হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে সভায় উপস্থিত ছিলেন আবুল বাশার ও তোফায়েল আহমেদ।















