র্যাব-১৪ এর পৃথক অভিযানে টাঙ্গাইলে ১০০ বোতল এস্কাফ সিরাপ ও ১৯৩০ পিস ইয়াবাসহ আটক ২
- আপডেট সময় : ০৬:০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে র্যাব-১৪ এর পৃথক মাদকবিরোধী অভিযানে ১০০ বোতল এস্কাফ সিরাপ ও ১৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ মে ২০২৬) টাঙ্গাইল জেলার কালিহাতী ও মির্জাপুর উপজেলায় অভিযান দুটি পরিচালনা করে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প।
র্যাব জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও এর ভয়াবহতা রোধে সরকারের ঘোষিত “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে র্যাব-১৪ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
প্রথম অভিযানে শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র্যাব-১৪ এর একটি দল। এসময় “শাহ ফতেহ আলী” নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পাবনা জেলার বাসিন্দা মোঃ মোশারফ হোসেন (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে অবৈধ মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল নেশাজাতীয় অবৈধ এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ অর্থ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
একই দিন বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে র্যাব। এসময় “এ্যাপোলো এন্টারপ্রাইজ” নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সুনামগঞ্জ জেলার বাসিন্দা সুমন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি শরীরে বিশেষ কায়দায় ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে তার দেহ তল্লাশি করে ১৯৩০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে নগদ অর্থ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-১৪ জানায়, গ্রেফতারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, সমাজ থেকে মাদকের ভয়াবহতা নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।



















