শিক্ষা ব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: মন্ত্রী ফকির মাহবুব আনাম
- আপডেট সময় : ০৭:১৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বিগত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বিএনপি সরকার তথা প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
রোববার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রাম জীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন ।
মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঁচ বছর পরপর পুনর্মিলনী আয়োজন করা উচিত। এ ধরনের আয়োজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করে, পারস্পরিক সম্পর্ক উন্নত করে এবং সামাজিক দায়বদ্ধতা বাড়ায়।
তিনি বলেন, বর্তমানে সমাজে নানা ধরনের অবক্ষয় দেখা যাচ্ছে। এসব অবক্ষয় রোধে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও বেশি আকৃষ্ট করতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার রোধে শুধু শিক্ষকদের ওপর নির্ভর করলে চলবে না, অভিভাবকদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সন্তানরা মোবাইলের অপব্যবহার করছে কি না, সে বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি মেয়েদের অগ্রগতির বিষয়টি উল্লেখ করে তাদের প্রতি বিশেষ যত্ন ও নজর দেওয়ারও আহ্বান জানান। ছেলেদেরও প্রতিযোগিতায় জোর দেয়ার তাগিদ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা মো. জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার এবং ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক, বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমেদ, শিক্ষক নেতা উবায়দুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এদিকে বিকেলে মধুপুর প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভুল সংবাদ পরিবেশন করে পরে সংশোধনী প্রকাশ করলেও ক্ষতি পুরোপুরি পোষানো যায় না। তাই তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশ করতে হবে। আমাদের ভালো কাজের প্রশংসা করতে হবে। যাতে আমরা কাজে উৎসাহ পাই।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সঠিক সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অসঙ্গতি ও আমাদের ভুলত্রুটি তুলে ধরতে হবে। গঠনমূলক সমালোচনার মাধ্যমে সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
মোবাইল ফোন অপারেটর সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, প্রাইভেট অপারেটের মতো টেলিটক সহজ করা যায়নি। তবে এক সময়ে লটারি করে টেলিটক সিম বিক্রি হয়েছে। তিনি জানান, টেলিটক যুগোপযোগী করতে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ দরকার। সরকার এ বিষয়ে ব্যবস্থা নিবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, মধুপুর-ধনবাড়ীকে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
প্রেস ক্লাবের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা মো. জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।











