ধনবাড়ীতে ৫ পুড়িয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ০৯:১১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ২৮৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ পুড়িয়া হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে ধনবাড়ী থানাধীন মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশে নল্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. ফরিদ শেখ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে অংশ নেন।
অভিযানকালে নল্যা বাজারে লিটনের চায়ের দোকানের সামনে থেকে মো. আতিয়ার রহমান আতিক (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ধনবাড়ী উপজেলার নল্যা গ্রামের মো. শামছুল হকের ছেলে।
পরে তার দেহ তল্লাশি করে ৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে ধনবাড়ী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

















