সাইবার সুরক্ষা আইন সংশোধনের খসড়া চূড়ান্তে আরও এক দফা বৈঠকের সিদ্ধান্ত
- আপডেট সময় : ০৯:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

সাইবার নিরাপত্তা জোরদার, নাগরিকের অধিকার সুরক্ষা এবং নিরাপদ ডিজিটাল সেবা নিশ্চিত করতে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে খসড়া আইনটিকে আরও যুগোপযোগী, কার্যকর ও বাস্তবসম্মত করতে বিভিন্ন সংশোধনী ও সুপারিশের বিষয়ে একমত হন কমিটির সদস্যরা। এসব সুপারিশ অন্তর্ভুক্ত করে আইনটির খসড়া চূড়ান্ত করার জন্য পুনরায় বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কমিটির আহ্বায়ক ফকির মাহবুব আনাম।
সভায় আইনটির বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তন, ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি মোকাবিলা, নাগরিকের ব্যক্তিগত তথ্য ও অধিকার সুরক্ষা এবং ডিজিটাল সেবার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সদস্যরা মতামত ও সুপারিশ তুলে ধরেন।
বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত হয়, প্রস্তাবিত সংশোধনীগুলো সংযোজন করে আইনটির খসড়া আরও আধুনিক, বাস্তবসম্মত ও কার্যকর করা হবে। এ লক্ষ্যে সংশোধিত খসড়া নিয়ে মন্ত্রিসভা কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।















