মধুপুরে এমআরবিপিএল সিজন–২ শুরু
টি–১০ ক্রিকেট টুর্নামেন্টে জমজমাট লড়াই
- আপডেট সময় : ১০:২২:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে এমআরবিপিএল সিজন–২ টি–১০ ক্রিকেট টুর্নামেন্ট। রোববার সকালে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠে। দিনভর তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে জমে ওঠে প্রতিযোগিতা।
প্রথম ম্যাচে মুখোমুখি হয় তারুণ্য–১৭ (ব্যাচ ২০১৭) ও এমআরবি স্পোর্টস একাডেমি (রানিং ব্যাচ, দশম শ্রেণি)। টস জিতে ব্যাট করতে নেমে তারুণ্য–১৭ নির্ধারিত ওভারে ১৪১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে এমআরবি স্পোর্টস একাডেমি ৭০ রানেই গুটিয়ে যায়। ফলে ৭১ রানের বড় ব্যবধানে জয় পায় তারুণ্য–১৭।
দ্বিতীয় ম্যাচে ভবানীয়ান এটমস (ব্যাচ ২০২৫) প্রথমে ব্যাট করে ৮৫ রান সংগ্রহ করে। ৮৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভবানীয়ান ভাইপারস (ব্যাচ ২০২০) নির্ধারিত ওভারে সব উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ফলে ৮ উইকেটের ব্যবধানে জয় পায় ভবানীয়ান এটমস।
তৃতীয় ম্যাচে বাউন্ডারি ব্রেকার্স–২২ (ব্যাচ ২০২২) ও ভবানীয়ান হান্টারস–২৪ (ব্যাচ ২০২৪) এর মধ্যে লড়াই অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে ভবানীয়ান হান্টারস ১০ ওভারে ১৪৩ রান সংগ্রহ করে এবং প্রতিপক্ষের সামনে ১৪৪ রানের লক্ষ্য ছুড়ে দেয়। জবাবে ব্যাট করতে নেমে বাউন্ডারি ব্রেকার্স নির্ধারিত ওভারে লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তারা ৩৪ রানে হেরে যায়।
এর আগে সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য দেন এমআরবিপিএল সিজন–২ আয়োজক কমিটির সদস্য সচিব ও সাংবাদিক এস. এম. শহীদ (ব্যাচ ৯৩)।
অনুষ্ঠানের শুরুতে গত আসরের (সিজন–১) সিরিজ অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত খেলোয়াড়, রাণী ভবানী বিদ্যালয়ের ২০১৬ ব্যাচের শিক্ষার্থী প্রয়াত শশাঙ্ক মারাককে স্মরণ করা হয়। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও আম্পায়ার খন্দকার ফিরোজ্জামান, সহকারী অধ্যাপক ও আম্পায়ার কামরুজ্জামান, ধারাভাষ্যকার আবুবকর সিদ্দিক, আয়োজক কমিটির সদস্য ও টুর্নামেন্ট ম্যানেজার অমিত কুমার সিংহ, সাব্বির হাসান, স্বপন মিয়া, মানিক, সোহাগ, রাব্বি, অনিক, আকাশ, তামিরুল, আতিক, আরিফুল, ইমন ও রিফাতসহ অনেকে।
উল্লেখ্য, মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত বিভিন্ন দলের অংশগ্রহণে গত বছর থেকে এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এমআরবিপিএল, যেখানে প্রতিটি ইনিংস ১০ ওভারে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক এম রতন হায়দার টুর্নামেন্ট পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

















