তরুণদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধের বিষয়টি যাচাই-বাছাই করছে সরকার: আইসিটি মন্ত্রী
- আপডেট সময় : ১০:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম , বিশ্বের বিভিন্ন দেশে ১৪ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের নিরাপত্তার স্বার্থে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিভিন্ন ধরনের বিধি-নিষেধ ও আইন রয়েছে তথ্যে সম্মতি প্রকাশ করে বলেন, আমাদের দেশে এ ধরনের কোনো নীতিমালা প্রয়োজন কি না, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের কাকরাইদ এলাকায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় এক লাখ লিটার ধারণক্ষমতার ওভারহেড পানির ট্যাংকের নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “বিভিন্ন দেশে ১৪ থেকে ১৬ বছর বয়সী ছেলে-মেয়েদের নিরাপত্তার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইন ও বিধিবিধান রয়েছে। আমরা সেসব বিষয় পর্যালোচনা করছি। ভালো-মন্দ সব দিক বিবেচনা করে বিষয়টি যাচাই-বাছাই করা হবে। এরপর জাতীয় সাইবার সুরক্ষা কমিটিতে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি বলেন, জাতীয় সাইবার সুরক্ষা কমিটির সভাপতি হিসেবে তিনি সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে দেশের বাস্তবতা ও শিশু-কিশোরদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সিদ্ধান্ত গ্রহণে কাজ করবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি শিক্ষা সম্প্রসারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্কুল-কলেজে প্রায় ১০ হাজার ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। তবে এর মধ্যে অনেক ল্যাব অবকাঠামোগত ও রক্ষণাবেক্ষণের অভাবে অকার্যকর হয়ে আছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে, সেখানে আগামী ছয় মাসের মধ্যে আরও দুই হাজার ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বেকার যুবকদের দক্ষ করে তুলতে দেশের প্রতিটি উপজেলায় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে, যাতে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হকসহ সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক শিক্ষার্থী, গণমামাধ্যম কর্মী,, গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী এর আগে উপজেলা যুবদলের নেতা সম্প্রতি প্রয়াত সোহেল তালুকদারের কবর জিয়ারত এবং পরে কাকরাইদ হাই স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, জটাবাড়ি মাদ্রাসা, গাঙ্গাইর নজমুল ইসলাম মাদ্রাসা, শালিখা ফাযিল মাদ্রাসা ও মধুপুর আদর্শ মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করেন।











