মধুপুরে সড়কের পাশে সজনে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:০৫:১০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে সড়কের পাশে সজনে গাছের ডালের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় রতন সিংহ (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার জলছত্র বাজার এলাকায় মধুপুর-ময়মনসিংহ সড়কের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
নিহত রতন সিংহ মধুপুর উপজেলার আঙ্গিনাপাড়া গ্রামের মৃত জগদীশ চন্দ্র সিংহের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে জলছত্র বাজার এলাকায় সড়কের পাশে একটি সজনে গাছের ডালের সঙ্গে রতন সিংহকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহটি উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মৃত্যুর ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।











