মধুপুরে বিশ্ব যুব দিবস উপলক্ষে যুব ম্যারাথন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, মধুপুর উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব যুব দিবস উপলক্ষে যুব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় মধুপুর বাসস্ট্যান্ডের ত্রি-মোহনার আনারস চত্বর থেকে ম্যারাথনটি শুরু হয়ে মধুপুর সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।
মধুপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ও জেলা যুব বিভাগের অফিস সম্পাদক সাইফুল্লাহ বিন মানসুরের সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোল্লা মামুন আজাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুব বিভাগের সভাপতি মাওলানা বোরহানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুব বিভাগের সেক্রেটারি মো. সুরুজ্জামান।
ম্যারাথনে শত শত যুবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। যুবকদের স্লোগান ও অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
আলোচনা সভায় বক্তারা যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়ার ভয়াল থাবা থেকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সুস্থ ও সুন্দর সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি সুন্দর সমাজ ও স্বপ্নের মধুপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।















