মধুপুরে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- আপডেট সময় : ০৫:৫০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (বিজয় দিবস) সকালে মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণের হাতে ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন ও মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যত প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংবর্ধনার পরে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুস সামাদ তালুকদার,সাবেক কমান্ডার হাবিবুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রশীদ, আব্দুর রাজ্জাক জিহাদী,আব্দুল জুব্বার, আব্দুল আজিজ, বেলায়েত হোসেন, অশোক কুমার বিশ্বাস, সুনীল কুমার মজুমদার, মরিশন সিমসাংসহ প্রয়াত বীর মুক্তিযোদ্ধাগণের পরিবারের সদস্যগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।












