সকলে মিলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়
মধুপুরে বর্ণিল আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
- আপডেট সময় : ০৪:৪৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বৃহস্পতিবার সকালে বংশাই নদের তীরে অবস্থিত বধ্যভূমিতে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের সূচনা হয়। এ সময় উপজেলা প্রশাসনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বন বিভাগ, মধুপুর প্রেসক্লাব, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি, টিআইবি’র সনাক, রাবার বিভাগ, বিএডিসি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়, যা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
এরপর মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। এতে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে প্রদর্শনী এবং সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিখিল চন্দ্র, মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুস সামাদ তালুকদার, সাবেক কমান্ডার হাবিবুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জুব্বারসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ।
দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে মধুপুরবাসী স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।




















