মধুপুরে ভুল পরিচয়ে দাফন,
২০ মাস পর কবর থেকে তোলা হলো মেজবাহুলের লাশ
- আপডেট সময় : ০২:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌরসভার নয়াপাড়া এলাকায় দাফনের প্রায় ১ বছর ৮ মাস পর কবর থেকে মেজবাহুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করে তার প্রকৃত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৃত মেজবাহুল ইসলাম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ হাতিবান্ধা গ্রামের বাসিন্দা এবং তার পিতা মোঃ হাফিজুর রহমান।
জানা যায়, গত ৩১ জুলাই ২০২৪ তারিখে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে একটি বাগানের ভেতর থেকে গলাকাটা অবস্থায় অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মধুপুর উপজেলার নয়াপাড়া এলাকার বাসিন্দা হয়রত আলী মরদেহটি তার ছেলে রিদয় হোসেনের বলে শনাক্ত করে নিজ এলাকায় নিয়ে এসে দাফন সম্পন্ন করেন।
কিন্তু ঘটনার কয়েকদিন পর, ৭ আগস্ট ২০২৪ তারিখে রিদয় হোসেন জীবিত অবস্থায় বাড়িতে ফিরে আসেন। এতে বিষয়টি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মরদেহের ছবি দেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা মোঃ হাফিজুর রহমান তার নিখোঁজ ছেলে মেজবাহুল ইসলাম হিসেবে শনাক্ত করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে লাশ উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আজ কবর থেকে লাশ উত্তোলন করা হয়।
লাশ উত্তোলনের সময় টাঙ্গাইল পিবিআইয়ের ইন্সপেক্টর মোঃ শফিউল আলম এবং মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন উপস্থিত ছিলেন।
পরে আইনি প্রক্রিয়া শেষে মৃত মেজবাহুল ইসলামের লাশ তার পিতা মোঃ হাফিজুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা নং-০৪, তারিখ: ০১ আগস্ট ২০২৪ দায়ের করা হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
















