আন্তর্জাতিক নার্স দিবসে মধুপুরে বর্ণাঢ্য কর্মসূচি পালিত
- আপডেট সময় : ০৮:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ২৭২ বার পড়া হয়েছে

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে র্যালি, শপথ গ্রহণ, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মধুপুর নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ হাসিনা বিনতে হাসেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্যের সাবেক উপ-পরিচালক ও মধুপুর নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডা. শামসুল হক, মধুপুর উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সজীব কান্তি পাল, স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক মো. আব্দুর রহিম এবং নার্সিং কলেজের পরিচালক এস. এম. রবিউল ইসলাম, অতিথি শিক্ষক এস.এম শহীদসহ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, নার্সদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের একটি বিশেষ দিন হলো আন্তর্জাতিক নার্স দিবস। এবারের প্রতিপাদ্য ছিল— “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ; নার্সদের ক্ষমতায়নই স্বাস্থ্যসেবার উন্নয়ন।”
প্রতিপাদ্যকে সামনে রেখে নার্সিং শিক্ষার্থীদের নিয়ে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শপথ বাক্য পাঠ করান নার্স ইন্সপেক্টর ঐশ্বর্যপ্রাপ্তি মারাক।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, আধুনিক নার্সিং সেবার অগ্রদূত Florence Nightingale–এর জন্মদিন উপলক্ষে বিশ্বব্যাপী আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়।
এর আগে কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে কেক কেটে দিবসটির তাৎপর্য উদযাপন করা হয়।




















