জাতীয় কবির ১২৭ তম জন্মজয়ন্তী
মধুপুরে ব্যতিক্রমী আয়োজন “নজরুল আড্ডা”
- আপডেট সময় : ০৪:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে “নজরুল আড্ডা” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ যখন চরম বৈষম্য, নিষ্ঠুরতা ও মানবিক সংকটে নিমজ্জিত হয়, তখনই নজরুলকে নতুন করে চর্চার প্রয়োজনীয়তা অনুভূত হয়।
তারা বলেন, “সমাজ কোন অবস্থায় পৌঁছালে শিশু রামিসারা আদিম নির্মমতার শিকার হয়ে মারা যায়, ধর্মের নামে অধর্মের শিকার হয় কবরের লাশ,নির্মম প্রতিহিংসার শিকার হয়ে প্রতিপক্ষের হাতে প্রাণ যায় বেঘোরে – ভাবতেই শিউরে উঠতে হয়। মানবিকতার এই আকালে প্রেম, দ্রোহ ও সাম্যের কবি নজরুলকে ফিরে দেখা আজ সময়ের দাবি।”
তারা আরও বলেন, নজরুল সব সময়ই প্রাসঙ্গিক। কিন্তু আমরা তাঁকে গভীরভাবে অনুধাবন করতে চাই না বলেই সমাজে কখনো কখনো অনাচার, বৈষম্য ও অসহিষ্ণুতা মাথাচাড়া দিয়ে ওঠে।
রোববার রাতে মধুপুর ক্লাবের তৃতীয় তলায় চারুশীলন ইনস্টিটিউটের হলরুমে মধুপুর সাংস্কৃতিক জোট এই আড্ডার আয়োজন করে। অনুষ্ঠানে নজরুলের জীবন ও তার সৃষ্টি সাহিত্য ও সংগীত নিয়ে আলোচনা চলার পাশাপাশি পরিবেশিত হয় কবিতা আবৃত্তি ও নজরুল সংগীত।
অনুষ্ঠানের এক পর্যায়ে চার বছরের শিশু শ্রেয়ান ‘লিচু চোর’ কবিতার প্রায় পুরোটা মুখস্থ আবৃত্তি করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে। শিশু শুভদিব ও শ্রীকান্ত দত্ত নজরুল সংগীত পরিবেশন করে আড্ডাকে প্রাণবন্ত করে তোলে।
শিল্পী আব্দুল করিম ও জয় মঙ্গল দে বিপ্লবের কণ্ঠে নজরুল সংগীতে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। এছাড়াও আব্দুস সামাদ, শাহজাহান পুলিশ, রাশেদ ও স্বাধীন আজম আড্ডার বিভিন্ন পর্বে গান পরিবেশন করেন।
‘রমজানের রোজার শেষে’, ‘ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুল’সহ নজরুলের জনপ্রিয় গান কবিতা, নারী, সমাজ ও মানবতা নিয়ে নজরুলের সৃষ্ট সাহিত্যের বিষয়বস্তু আলোচনায় উঠে আসে।
মধুপুর সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ওস্তাদ আসাদুজ্জামান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন তরফদার, মধুপুর সাংস্কৃতিক জোটের সদস্য সচিব সাংবাদিক এস. এম শহীদ, এনসিপি মধুপুর উপজেলার প্রধান সমন্বয়ক সবুজ মিয়া, কলেজ শিক্ষক আবু কাওসার খোকন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলী দেবনাথ, সাংবাদিক আকবর হোসেনসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।



















