প্রত্যন্ত অঞ্চলের কিশোরীদের ক্ষমতায়নে মধুপুরে ‘সংলাপ’ প্রকল্পের যাত্রা শুরু
- আপডেট সময় : ০৯:৩৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরের প্রত্যন্ত পাহাড়ি বনাঞ্চলের কিশোরীদের ক্ষমতায়ন, অধিকার সচেতনতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘সংলাপ’ প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার জলছত্র শান্তি নিকেতন সভাকক্ষে কারিতাস ইতালিয়ানার অর্থায়নে এবং কারিতাস ময়মনসিংহ অঞ্চলের মধুপুর শংলাপ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন। তিনি প্রত্যন্ত অঞ্চলের কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতন করে তুলতে এ ধরনের প্রকল্পের প্রশংসা করেন। প্রকল্প বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের প্রোগ্রাম অফিসার শুভ্রা কুবির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক, মোসলেম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আকন্দ এবং পীরগাছা থাংয়ানি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের পরিচালক মিহির মার্টিন মৃ।
দিনব্যাপী আয়োজিত কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি লিডার, প্রকল্পের অংশীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম এবং গ্রামীণ কিশোরীদের জীবনমান উন্নয়নে কারিতাসের বিভিন্ন উদ্যোগসহ ‘সংলাপ’ সম্পর্কে ফোকাল পার্সন উজ্জ্বল কুমার চক্রবর্তী উপস্থিতদের উদ্দেশ্যে বক্তৃতা করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, প্রকল্পটির সফল বাস্তবায়নের মাধ্যমে সুবিধাবঞ্চিত কিশোরীদের জীবনমান উন্নয়ন এবং টেকসই সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

















