পরিত্যাক্ত কুপে পড়ে যাওয়া
মধুপুরে এক ছাগলের বাচ্চা তুলতে চার গারোর মৃত্যু
- আপডেট সময় : ১১:৪৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

পরিত্যক্ত এক কুপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে গিয়ে টাঙ্গাইলের মধুপুরে বনাঞ্চলে বাবা ছেলে সহ গারো নৃ-গোষ্ঠীর চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৮ টার দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ আঞ্চলিক মহা সড়কের মধুপুর বনাঞ্চলের টেলকিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল নয়টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কুপ থেকে তাদের লাশ উদ্ধার করে।
নিহতারা হলেন টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০),তার ছেলে নেইমার ম্রং(১২), এলাকার জামাই গাব্রিয়াল (৪০)এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।
মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার এমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সাবেক ইউপি সদস্য লাল মিয়াসহ এলাকাবাসী জানান, বাবুল হাদিমার একটি ছাগল ছানা টেলকি বাজারের উত্তর পশ্চিমের মসজিদ এলাকার একটি পরিত্যক্ত কুপে পড়ে গেলে ছাগল তুলতে প্রথমে কুপে নামে নেইমার। কিছু সময় পার হয়ে গেলেও নেইমারের সাড়া না পেয়ে দ্বিতীয়বার নামে বাবুল হাদিমা। একইভাবে গ্রাবিয়াল এবং শেষে রতন।।একে একে কুপে নামা চারজনের কারো সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করে। আশেপাশের লোকজন ছুটে আসে এবং পরে ফায়ার সার্ভিস ও পুলিশের খবর দেয়। ফায়ার সার্ভিস এসে অক্সিজেনহীন পরিত্যক্ত কুপে প্রক্রিয়া করে ফায়ার ফাইটার মনির কে কুপে নামিয়ে দিয়ে একে একে তাদের লাশ উদ্ধার করে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, চার লাশ ফায়ার সার্ভিসের কাছ থেকে গ্রহণ শেষে আইনি প্রক্রিয়া চলছে।


















