মধুপুরে কূপে প্রাণহানির ঘটনায় নিহত ৪ গারো পরিবারের পাশে মন্ত্রী, আর্থিক সহায়তা প্রদান
- আপডেট সময় : ০৭:৪০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া একটি ছাগলছানা উদ্ধার করতে গিয়ে প্রাণ হারানো চার গারো পরিবারের পাশে দাঁড়িয়েছেন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি।
শনিবার (২০ জুন) উপজেলার জলই গ্রামের মর্মান্তিক এ ঘটনার পর মন্ত্রীর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। এ সময় প্রশাসনের পক্ষ থেকে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন এবং মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল হক উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।
পরে নিহত চারজনের পরিবারের সদস্যদের কাছে মন্ত্রীর পক্ষ থেকে দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিকেলে সংশ্লিষ্ট পরিবারের প্রতিনিধিদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় মন্ত্রীর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়।
উল্লেখ্য, শনিবার সকালে মধুপুর উপজেলার জলই গ্রামে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে গারো সম্প্রদায়ের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


















